নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:৪২ পিএম

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান | ছবি: সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সব সংস্থা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘নির্বাচন না হওয়ার কোনও সুযোগ নেই।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় বর্তমান নির্বাচনি পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান জানান, নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন এবং পুলিশসহ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী— সবাই সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। আমাদের সবার লক্ষ্য একটাই, আর তা হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।’

নির্বাচনকে প্রভাবিত করতে বিভিন্ন মাধ্যমে অর্থ লেনদেনের আশঙ্কার কথা তুলে ধরে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘বিকাশসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ ‘মানি ট্রানজেকশন’ হওয়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে আমরা ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। এ ধরনের কার্যক্রম ঠেকাতে নজরদারি অনেক গুণ জোরদার করা হচ্ছে।’

ভোটের দিন বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, প্রতিটি নির্বাচনি এলাকায় কিছু দুর্বৃত্ত থাকতে পারে যারা ব্যালট ছিনতাই, কারচুপি বা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। অপরাধের ধরন অনুযায়ী প্রয়োজনে তাৎক্ষণিক আটক অথবা মামলা—আইন অনুযায়ী যা প্রযোজ্য, সেই ব্যবস্থা নিতে হবে।’

Link copied!