ছবি: সংগৃহীত
পটুয়াখালীর দুমকী উপজেলায় একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, হঠাৎ করে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে আগুনের শিখা দেখতে পান আশপাশের লোকজন। দ্রুত তারা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। প্রায় আধঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বিদ্যালয়ের একটি কক্ষের বেঞ্চ ও টিনের বেড়া আংশিক পুড়ে গেছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল হক বলেন, কারা আগুন দিয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তিনি জানান, নিচতলার একটি কক্ষে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান বলে জানিয়েছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।
নির্বাচনের প্রাক্কালে ভোটকেন্দ্রে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রটির নিরাপত্তা জোরদার করা হয়েছে।