বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১১, ২০২৬, ০৭:৩৫ পিএম

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয় পায় না। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। বাংলাদেশে মানুষ কাঁটাতার ভয় পায় না, সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলবো।

সীমান্ত পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির আরও বলেন, হাসিনা সরকারের আমলে যেভাবে সীমান্তে অনেক মানুষকে গুলি করে হত্যা বা কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো বিষয়গুলো আমরা দেখেছি, সীমান্ত কোনোদিন ওই নমুনায় আসবে না, ইনশাআল্লাহ। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই গোলামীর বাংলাদেশ না যে, বসে দেখবে। কী করতে হবে সে বিষয়ে এই বাংলাদেশের পরিকল্পনা আছে।

ভারতের সঙ্গে সম্পর্ক ও সীমান্ত ইস্যু প্রসঙ্গে তিনি জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সংলাপ চায় এবং ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখতে চায়। একইসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ভারতকে বার্তা দিয়েছে।

তিনি বলেন, দেড় হাজার মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা এখন ভারতে আশ্রয়ে আছে। তবে শেখ হাসিনা ভারতে বসে যেন বাংলাদেশে কোনো সন্ত্রাস না করতে পারে সে বিষয়টি আমরা ভারত সরকারকে বলেছি এবং তার প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার।

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক অগ্রাধিকার পাবে এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের কোনো ইচ্ছা নেই বাংলাদেশের।

চীন সফর সম্পর্কে তিনি জানান, সফর সফল হয়েছে এবং তিস্তা ইস্যুতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। পাশাপাশি চীনের এক্সিম ব্যাংক অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

Link copied!