ছবি: সংগৃহীত
ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে শনিবার সকালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পথে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট সকাল পৌনে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবার যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসা সম্পন্ন হবে।
রাষ্ট্রপতির সফর শেষে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে।