ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৪:২২ পিএম
ছবি কোলাজ/ দ্য রিপোর্ট ডট লাইভ
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেছেন। শনিবার দুপুরে তিনি যমুনা ছেড়ে গুলশানে নিজের ব্যক্তিগত বাসভবনে ওঠেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। দায়িত্বকালীন পুরো সময় তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বিএনপি। পরে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। সরকার পরিবর্তন ও ক্ষমতা হস্তান্তরের পর অধ্যাপক ইউনূস যমুনা ছাড়ার প্রস্তুতি শুরু করেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ তিনি গুলশানের স্থায়ী ঠিকানায় ফিরে যাবেন।
এদিকে অধ্যাপক ইউনূস যমুনা ছাড়ার পর ভবনটিতে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বসবাস করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্বাচন–পরবর্তী সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, যমুনাকেই প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে সেখানে কিছু সংস্কারকাজ প্রয়োজন হওয়ায় তা সম্পন্ন করতে সময় লাগবে।
গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি পুরোপুরি খালি পাওয়ার পর এক মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে ব্যবহারের উপযোগী করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।