উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ এলাকায় একযোগে হামের টিকাদান শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৫, ২০২৬, ১১:৩৫ এএম

উচ্চ ঝুঁকিপূর্ণ  ৩০ এলাকায় একযোগে হামের টিকাদান শুরু

ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৩০টি উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ২১ মে পর্যন্ত।

ঢাকার নবাবগঞ্জে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় তিনি বলেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে শিশুদের টিকার আওতায় আনা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রথম ধাপে ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই টিকার আওতায় আনা হচ্ছে। যারা আগে নিয়মিত টিকা পায়নি, তারাও এই কর্মসূচির আওতায় টিকা নিতে পারবে। এছাড়া, যারা ইতোমধ্যে টিকা নিয়েছে, ঝুঁকি বিবেচনায় তাদেরও পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

টিকা নিতে কেন্দ্রগুলোতে গিয়ে আগে নিবন্ধন করতে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তারা আরও জানান, এমআর টিকার একটি ডোজ নেওয়ার এক মাস পর শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির টিকা গ্রহণ করা যাবে।

অন্যদিকে, যেসব শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যাচ্ছে, তাদের টিকার পাশাপাশি ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে, যাতে জটিলতা কমানো সম্ভব হয়।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Link copied!