ছবি: সংগৃহীত
সড়ক পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আসন্ন কুরবানি ঈদ উপলক্ষ্যে হাইওয়ে সড়কের উপরে বা পাশে কোনো গরুর হাট বসবে না। আজ (সোমবার) সচিবালয়ে সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদযাত্রা উপলক্ষ্যে ঢাকা থেকে বিভিন্ন জেলাতে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকায় বিভিন্ন স্থানে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, যাতে সড়কে অযাচিত যানজট এড়ানো যায়।
তিনি আরও জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, কুরবানির ঈদকে কেন্দ্র করে বিপুলসংখ্যক গরুর ট্রাক চলাচল করবে। এজন্য রাজধানীর ধোলাইপাড় বাসস্ট্যান্ড, আব্দুল্লাহপুর ও গাবতলী বাসস্ট্যান্ডে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
তিনি যাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যত্রতত্র থেকে বাসে ওঠানামা না করতে হবে এবং পরিবহন মালিকদেরও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। বড় ধরনের যানজট হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
এছাড়া তিনি জানান, এবারের ঈদ যাত্রায় কেউ স্পিডবোট বা নৌকা থেকে লঞ্চে সরাসরি উঠতে পারবে না, তবে নির্ধারিত টার্মিনাল ব্যবহার করতে হবে।
ফেরি পারাপার নিয়েও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হবে এবং ফেরিঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
সবশেষে তিনি জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে তিন দিনে ছুটি দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।