শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর | ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক উত্তেজনার জেরে দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আজ (সোমবার) সকালেও কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর মধ্যপ্রাচ্যগামী দুটি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনস–এর একটি ফ্লাইট, এয়ার আরাবিয়া–র একটি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস-বাংলার একটি অ্যারাইভাল ফ্লাইট। তবে সালাম এয়ার–এর মাস্কাট রুটের ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু করে এখন পর্যন্ত মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।