আগামী নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়ে দেবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৫, ০১:৩০ পিএম

আগামী নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়ে দেবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সৈয়দা রিজওয়ানা হাসান

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন গণতন্ত্রের একটি শক্ত ভিত্তি গড়ে দেবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ নির্বাচন গণতন্ত্রকে সুদৃঢ় করবে এবং সরকারকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনবে। পাশাপাশি বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্ন এখনও পূর্ণতা পায়নি, তা বাস্তবায়নের যাত্রা এখান থেকেই শুরু করা সম্ভব হবে।

মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান জানান, নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সংস্কার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণ তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে। জনগণের এই মতামতের ভিত্তিতেই গণতন্ত্রের যাত্রা নতুন রূপে শুরু হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষকে দমন করতে যুক্তি ও তর্কের পরিবর্তে হত্যাচেষ্টার মতো সহিংস পথ বেছে নেওয়া অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় এবং কাপুরুষোচিত। এতে কোনো বীরত্ব নেই। শক্তি থাকলে জনগণের মুখোমুখি হতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সামনে যাওয়ার পথ সবারই জানা।

উপদেষ্টা আরও বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করার যে সংস্কৃতি গড়ে উঠেছে, নতুন বাংলাদেশে তার কোনো স্থান নেই। সুষ্ঠু নির্বাচন, বিচার এবং সংস্কারের লক্ষ্য বাস্তবায়ন করতে পারলেই সরকার সফল হবে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত নির্বাচন নিশ্চিত করা, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। তবে এই প্রক্রিয়াকে ব্যাহত করতে একটি শক্তি সক্রিয় রয়েছে। সেই শক্তিকে প্রতিহত করার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।

রিজওয়ানা হাসান বলেন, সরকার শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই এগোচ্ছে। তবে জনগণকে ভয় দেখানোর অপচেষ্টা চলছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Link copied!