মার্চ ১৫, ২০২৬, ০২:১১ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের সংবিধানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো সাংবিধানিক কাঠামো নেই। এমন কোনো পরিষদ গঠন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে।
রবিবার (১৫ মার্চ) জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে যোগ দেওয়ার আগে সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। ‘সংস্কার পরিষদ’ নামে কোনো অধিবেশন ডাকার প্রশ্নই ওঠে না। বর্তমানে সাংবিধানিক বিধান অনুযায়ী সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদ গঠনের বিষয়টি আলোচনা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। এ বিষয়ে আদালত রুল জারি করেছেন এবং বিষয়টি বিচারাধীন রয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যদি গণভোটের ভিত্তিতে এমন কোনো পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তার আগে সংবিধান সংশোধন করা বাধ্যতামূলক। সংসদে আলোচনা ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সংবিধানে সংশোধনী যুক্ত হলে তবেই ভবিষ্যতে এ ধরনের কোনো পরিষদ গঠনের বিষয় সামনে আসতে পারে।
স্পিকার ও ডেপুটি স্পিকারের দলীয় সদস্যপদ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এখনও তাদের নিজ নিজ দলের প্রাথমিক সদস্যপদ বজায় রেখেছেন এবং দল থেকে পদত্যাগ করেননি।
তিনি ব্যাখ্যা করে বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ তখনই প্রযোজ্য হয়, যখন কোনো সংসদ সদস্য তার রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন বা দলবিরোধী অবস্থান নেন। বর্তমান পরিস্থিতিতে সেই বিধান প্রযোজ্য নয়।