পহেলা জুন থেকে সুন্দরবনে প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩১, ২০২৬, ০১:১১ পিএম

পহেলা জুন থেকে সুন্দরবনে প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় পহেলা জুন থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ নিষেধাজ্ঞা আগামী ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। ফলে এ সময় জেলে, বাওয়ালী, মৌয়ালীসহ পর্যটকরাও সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না।

বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময়ে নদী-খালে মাছ ডিম ছাড়ে, বিভিন্ন বন্যপ্রাণীর প্রজনন ঘটে এবং নানা প্রজাতির গাছের বীজ থেকে নতুন চারা গজায়। প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত রাখতে প্রতিবছরের মতো এবারও তিন মাসের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞাকালীন সময়ে বন বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পাস-পারমিট ইস্যু করা হবে না। কেউ এ নির্দেশনা অমান্য করে বনে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বন কর্মকর্তাদের ভাষ্য, পর্যটক ও বনজীবীদের নৌযান চলাচলের কারণে বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ ও প্রজনন কার্যক্রম ব্যাহত হয়। তিন মাস বনকে নিরবচ্ছিন্ন পরিবেশ দেওয়া গেলে মাছ, গাছপালা ও বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য আরও সমৃদ্ধ হবে।

তবে তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন সুন্দরবননির্ভর হাজার হাজার জেলে, মৌয়াল ও অন্যান্য বনজীবী। তাদের দাবি, দীর্ঘ সময় বন বন্ধ থাকায় আয়-রোজগারের প্রধান উৎস বন্ধ হয়ে যায়। অনেককে ঋণ করে সংসার চালাতে হয় এবং মহাজনসহ বিভিন্ন ব্যক্তির কাছে ধারদেনায় জড়িয়ে পড়তে হয়। ফলে সুন্দরবন থেকে অর্জিত আয়ে সংসার চালানোর পাশাপাশি দাদন ও সুদের টাকা পরিশোধ করতেও হিমশিম খেতে হয়।

নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তা না পাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়বেন বলে আশঙ্কা করছেন। এ কারণে কর্মহীন বনজীবীরা সরকারের কাছে খাদ্য সহায়তা ও বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন।

বন বিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানান, পহেলা সেপ্টেম্বর থেকে পুনরায় সুন্দরবন সবার জন্য উন্মুক্ত করা হবে। তিনি বলেন, এ সময়ের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগ, কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে নজরদারি কার্যক্রম পরিচালনা করবে।

Link copied!