৩২ ঘণ্টায় যমুনা সেতুতে সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:১৮ পিএম

৩২ ঘণ্টায় যমুনা সেতুতে সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়

ছবি: সংগৃহীত

টানা কয়েকদিনের নির্বাচনী ছুটিতে এবং ভোট দিতে গ্রামে ফেরার কারণে উত্তরবঙ্গমুখী মানুষের চাপ বেড়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বেড়েছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণও।

গত ৩২ ঘণ্টায় মহাসড়ক দিয়ে বিপুল সংখ্যক যানবাহন পারাপার হওয়ায় যমুনা সেতুতে মোট ৩ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৩০৫ টাকা টোল আদায় হয়েছে।

আজ (বুধবার) যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছুটিকে কেন্দ্র করে মানুষ ঘরে ফিরছেন। ফলে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে এবং সেতুতে টোল আদায়ও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

যমুনা সেতু কর্তৃপক্ষের সূত্র জানায়, গত ৩২ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৬২৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৩০৫ টাকা।

সাধারণত এই সেতু দিয়ে প্রতিদিন ১৫ থেকে ১৭ হাজার যানবাহন চলাচল করে। ঈদে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। তবে এবার ঈদ উৎসব ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যমুনা সেতুতে রেকর্ডসংখ্যক যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে।

Link copied!