নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:৪৯ পিএম

নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী, এবার ভোটার তালিকায় পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান হলেও পুরুষ ভোটার সামান্য বেশি।

নির্বাচন কমিশন জানায়, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন এবং নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে তালিকাভুক্ত রয়েছেন ১ হাজার ২২০ জন।

আসনভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ৩০০ সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে—২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। অন্যদিকে সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে, যেখানে ভোটারের সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

নির্বাচন ও গণভোট পরিচালনায় বড় পরিসরে জনবল নিয়োগ করা হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ ও সংশ্লিষ্ট দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এর পাশাপাশি সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন বলছে, বিপুলসংখ্যক ভোটার ও জনবলকে ঘিরে নেওয়া প্রস্তুতির লক্ষ্য একটাই—ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ইতোমধ্যে মাঠপর্যায়ে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে।

Link copied!