ছবি : সংগৃহীত
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার প্রায় ২১ ঘণ্টা পর আবারও ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার দুপুর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত হওয়া ট্রেনের ৯টি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপর প্রয়োজনীয় মেরামত কাজ শেষ করে বেলা ১২টার দিকে ওই পথে ট্রেন চলাচল চালু করা হয়।
তিনি বলেন, আপাতত ট্রেনগুলো ওই অংশে ধীরগতিতে চলবে। ট্রেন স্টেশনে থেমে সতর্কতার সঙ্গে দুর্ঘটনাস্থল পার হবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণের পর ধীরে ধীরে গতি স্বাভাবিক করা হবে।
এই দুর্ঘটনার কারণে ঈদযাত্রার সময় ট্রেনের শিডিউল কিছুটা ব্যাহত হয়েছে বলেও জানান তিনি।
অতিরিক্ত যাত্রীচাপের পাশাপাশি দুর্ঘটনার প্রভাব মিলিয়ে সময়সূচিতে কিছুটা বিপর্যয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে বুধবার দুপুরের দিকে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সান্তাহার এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয় এবং ঘটনাস্থল থেকে অন্তত ৪৭ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস।
দুর্ঘটনার ফলে বুধবার দুপুর থেকেই নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় ও জয়পুরহাটসহ উত্তরের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। যাত্রীদের ভোগান্তি কমাতে পরে বিকল্প হিসেবে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থার উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে