মে ১১, ২০২৬, ১২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত শেনজেন দেশগুলোর দূতাবাস।
আজ (সোমবার) ভ্রমণকারীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ পরামর্শ জানানো হয়।
বার্তায় বলা হয়, ভিসা আপনাকে ভ্রমণের পূর্বানুমতি দেয়। কিন্তু যে কোনো শেনজেন দেশে ভ্রমণকারীদের প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে। তাই অবশ্যই আপনার সব কাগজপত্র সঙ্গে রাখবেন, যাতে পুলিশ প্রয়োজনে আপনার তথ্যাদি যাচাই করে নিতে পারে।
এর আগে সোমবার (৪ মে) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে রাজধানী ঢাকায় অবস্থিত শেনজেন দূতাবাসগুলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর শেনজেনভুক্ত দেশে অবস্থান না করার জন্য সতর্কবার্তা দেয়।
যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার শর্ত লঙ্ঘন করলে ভবিষ্যতে শেনজেন অঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা এবং ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কোনো শেনজেন দেশে অবস্থান করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রবেশ নিষেধাজ্ঞা জারি হতে পারে। ভবিষ্যতে এমন নিষেধাজ্ঞা ও ভিসা প্রত্যাখ্যান এড়াতে ভিসার নিয়মকানুন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
শেনজেন অঞ্চল ২৭টি ইউরোপীয় দেশের সমন্বয়ে গঠিত, যেখানে একক ভিসার মাধ্যমে সদস্য দেশগুলোতে স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ রয়েছে।
শেনজেন ভিসার মাধ্যমে ইউরোপের ২৯টি সদস্যভুক্ত দেশে—যার মধ্যে ২৭টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং ৪টি অ-ইইউ দেশ রয়েছে—সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করা যায়।