প্রতীকী ছবি
নাটোরের গুরুদাসপুরে ইট বহনকারী শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ (শনিবার) সকালে উপজেলার নাজিরপুর ছবেরের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন— উপজেলার রানীনগর গ্রামের আকবর মোল্লার ছেলে আফছার মোল্লা (৬৫) এবং মোল্লাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে হায়দার আলী (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একদল দিনমজুর ব্যাটারিচালিত অটোতে করে পাশের এলাকায় কাজে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রলি তাদের অটোর ওপর উঠে পড়ে। এতে সাতজন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।