লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ০৪:৫২ পিএম

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলায় ইটভাটার পাশে বিশ্রাম নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকায় অবস্থিত ‘এন বি সি’ ইটভাটায় এ ঘটনা ঘটে, জানিয়েছেন কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা চিকিৎসক দোলন আক্তার।

নিহতরা হলেন—চরভূতা গ্রামের মো. সেলিমের ছেলে রুবেল হোসেন (৩০) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে মো. আলাউদ্দিন (৩৫)। তারা দৈনিক বেতনে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানিয়েছেন, ইটভাটায় একটি পরিত্যক্ত টিনের ঘর রয়েছে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে ঘরটির ওপর পড়ে সেটি বিদ্যুতায়িত ছিল। ঘটনার সময় কাজের ফাঁকে রুবেল ও আলাউদ্দিন বিশ্রামের জন্য ঘরটির বিপরীত পাশে ছায়ায় বসেন এবং ধুমপানও করেন।

ঘামে ভেজা শরীর নিয়ে একজন ঘরটিতে হেলান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে আরেকজনও বিদ্যুতায়িত হন। তাদেরকে উদ্ধার করতে যাওয়া অন্য একজনও বৈদ্যুতিক শক খেয়ে সরে যান।

পরবর্তীতে অন্যদের সহায়তায় দুই শ্রমিককে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ডাক্তার দোলন আক্তার জানান, দুই শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তাদের লাশ হাসপাতালে রয়েছে।

Link copied!