মার্চ ৩০, ২০২৬, ০২:২৪ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সংগৃহীত
দেশে সংক্রামক রোগ মোকাবিলায় বড় পরিসরে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। হামসহ ছয়টি রোগের টিকা আমদানির জন্য জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ-কে ৬০৪ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, টিকা সংগ্রহের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই দেশে পৌঁছানোর আশা করা হচ্ছে।
তিনি জানান, টিকা হাতে এলে দেশের টিকাদান কর্মসূচি আরও সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি। সাম্প্রতিক সময়ে শিশুরোগ, বিশেষ করে হামের প্রাদুর্ভাব বাড়ায় সরকারিভাবে অতিরিক্ত ২০টি ভেন্টিলেশন প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, ২০১৮ সালের পর দেশে হামের বিরুদ্ধে বড় কোনো ক্যাম্পেইন হয়নি। তাই সচেতনতা বাড়ানোর পাশাপাশি টিকাদান জোরদারের প্রয়োজনীয়তা রয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। সংক্রামক রোগ, নার্সিং সেবা ও আইসিইউ সুবিধা উন্নয়নে যৌথভাবে কাজ করতে পাঁচ সদস্যের একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে ইউনিসেফ জানিয়েছে, দেশে টিকাদানে অগ্রগতি হলেও এখনো বড় একটি অংশের শিশু পুরোপুরি টিকার আওতায় আসেনি। প্রায় পাঁচ লাখ শিশুর টিকাদান নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে শহরাঞ্চলে টিকাদানের হার তুলনামূলক কম বলে তাদের প্রতিবেদনে উঠে এসেছে।
উল্লেখ্য, দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সালে চালু হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে এর আওতা বাড়িয়ে বর্তমানে একাধিক সংক্রামক রোগের বিরুদ্ধে টিকা প্রদান করা হচ্ছে।