ভিসা বাতিল করে আজহারীকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১, ২০২৬, ০১:৩০ পিএম

ভিসা বাতিল করে আজহারীকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারীকে সফরের মাঝপথেই দেশ ছাড়তে বলেছে অস্ট্রেলিয়া সরকার। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে জানায়, আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা মঙ্গলবার বাতিল করা হয়েছে। বর্তমানে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

‘লিগ্যাসি অব ফেইথ’ শিরোনামের ধারাবাহিক বক্তৃতা অনুষ্ঠানে অংশ নিতে তিনি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। তার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তব্য দেওয়ার কথা ছিল।

অস্ট্রেলিয়ার লিবারেল দলের সিনেটর জোনাথন ডুনিয়াম বলেন, বিভিন্ন কমিউনিটি সংগঠন আগেই সরকারের কাছে আজহারীর সফর নিয়ে উদ্বেগ জানিয়েছিল। তার দাবি, আজহারীর অতীত বক্তব্যে ঘৃণা ও বিভাজন ছড়ানোর প্রবণতা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে আজহারী ইহুদিদের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব তুলে ধরেন এবং হলোকাস্ট নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এছাড়া, তার বিরুদ্ধে ইহুদিবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও রয়েছে।

এর আগে যুক্তরাজ্যও তার ভিসা বাতিল করেছিল। অস্ট্রেলিয়ার বিভিন্ন সংগঠন সতর্ক করে বলেছে, তার বক্তব্য ধর্মীয় উত্তেজনা বাড়াতে পারে এবং চরমপন্থী মতাদর্শকে উসকে দিতে পারে। এরপরই তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া সরকার।

Link copied!