আজকের মধ্যে পোস্টাল ব্যালট না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:৫২ পিএম

আজকের মধ্যে পোস্টাল ব্যালট না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট আজকের মধ্যে দেশে না পৌঁছালে তা বাতিল হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ আশঙ্কার কথা জানায় ইসি। বিজ্ঞপ্তিতে প্রবাসী ভোটারদের দ্রুত ব্যালট পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

ইসি জানায়, ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার ও গণভোটের ব্যালট সাদা রঙের ব্যালট খামে রাখতে হবে। এরপর ঘোষণাপত্রে স্বাক্ষর করে সাদা রঙের ব্যালট খামটি হলুদ খামের ভেতরে ঢুকিয়ে যত দ্রুত সম্ভব নিকটবর্তী ডাকঘর বা ডাকবাক্সে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যালট যদি ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছায়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে। ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত করা হবে না। এ কারণে প্রবাসী ভোটারদের দ্রুত ব্যালট পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কমিশন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির ভোটার—সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যবস্থার আওতায় প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটার মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।

Link copied!