ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:২২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বাধিক তিন দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার দায়িত্ব নিতে পারে।
আজ (বৃহস্পতিবার) বিকালে রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম এ তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
শফিকুল আলম বলেন, নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। সর্বাধিক তিন দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব। অর্থাৎ ১৫, ১৬ বা ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার দায়িত্ব নেবে।
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে ছড়ানো গুঞ্জন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, “সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে” এমন দাবি সম্পূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। সরকার শুরু থেকেই নিশ্চিত করেছে যে, নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করবে।