ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১২:০৭ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশে প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধি, নাগরিক সেবা গ্রহণ সহজতর করা এবং টেকসই সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সৃষ্টির লক্ষ্যে অন্তর্বর্তী সরকার দুটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে—মোবাইল অ্যাপ ‘শুভেচ্ছা’ এবং কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকেট’।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্ল্যাটফর্ম দুটির বিস্তারিত উপস্থাপন করেন।
সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সংক্ষেপে এই দুই ডিজিটাল সেবার কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা একশটিরও বেশি নাগরিক সেবা সহজে গ্রহণ করতে পারবেন। অন্যদিকে, উৎসব-উদযাপনের দিনসহ বছরের অন্যান্য সময় বাস, রেল ও বিমানযাত্রায় অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয়েছে ‘দ্রুত টিকেট’ প্ল্যাটফর্ম।
প্ল্যাটফর্ম দুটি সফলভাবে চালু হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, `সরকারের সব সেবা যেন ভোগান্তি ছাড়াই নাগরিকদের কাছে পৌঁছে যায়—এটাই ছিল আমাদের লক্ষ্য। আজ এই দুটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হলো। এটি কেবল একটি সূচনা। প্ল্যাটফর্ম দুটিকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যেতে হবে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে। আশা করছি, পরবর্তী নির্বাচিত সরকার এই দুটি উদ্যোগকে আরও এগিয়ে নেবে।`