ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহার: ইসি সচিব

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:০৩ পিএম

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহার: ইসি সচিব

ভোটকেন্দ্রের চারপাশে ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহারে আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। আগের সিদ্ধান্ত থেকে সরে এসে এই বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিকেলে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এ বিষয়ে সংশোধিত প্রজ্ঞাপন খুব শিগগিরই জারি করা হবে।

এর আগে রোববার রাতে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ভোটের দিন প্রিসাইডিং কর্মকর্তা ও নির্দিষ্ট কয়েকজন নিরাপত্তা সদস্য ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের নির্ধারিত এলাকার ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। ভোটের গোপনীয়তা রক্ষা ও বিশৃঙ্খলা এড়াতেই তখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছিল ইসি সচিবালয়।

তবে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়। বিভিন্ন দল ও নেতারা একে ভোটাধিকার ও তথ্যপ্রবাহের জন্য প্রতিবন্ধক বলে মন্তব্য করেন।

সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূইয়া এক ফেসবুক পোস্টে জানান, নির্বাচন কমিশন মোবাইল ফোন সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এবং ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে আর কোনো বাধা থাকবে না।

এদিকে আগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

শেষ পর্যন্ত সমালোচনা ও আপত্তির প্রেক্ষাপটেই কমিশন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ভোটের দিন মোবাইল ব্যবহারের বিষয়ে চূড়ান্ত অবস্থান স্পষ্ট করবে ইসি।

Link copied!