ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২৬, ১২:০৭ পিএম

ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে নাড়ির টান ছেড়ে কর্মজীবীরা আবারও রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন। সোমবার ভোর থেকেই রাজধানীর প্রধান প্রবেশপথগুলোতে ঢাকামুখী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে অন্যান্য সময়ের মতো অতিরিক্ত ভিড় বা ভোগান্তি না থাকায় এবারের ফিরতি যাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক বলে জানিয়েছেন যাত্রীরা।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ ঈদ ছুটির কারণে যাত্রীরা ধাপে ধাপে ঢাকায় ফিরছেন। ফলে কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের উপস্থিতি থাকলেও পরিস্থিতি ছিল সুশৃঙ্খল। বড় কোনো জটিলতা ছাড়াই যাত্রীরা নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন।

রোববার (২২ মার্চ) বিকেল থেকেই কমলাপুর স্টেশনে ট্রেনগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে। প্রায় এক হাজার যাত্রী নিয়ে নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘উপকুল এক্সপ্রেস’ ঢাকায় পৌঁছায় বিকেলে। 

অন্যদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনালে সোমবার ভোর থেকেই দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোর চাপ বাড়তে থাকে। যাত্রীরা জানান, দীর্ঘ ছুটিতে স্বজনদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পেরে তারা সন্তুষ্ট।

এদিকে, ঈদের তৃতীয় দিনেও ঘরমুখো মানুষের যাত্রা অব্যাহত রয়েছে। ঢাকায় পরিবার নিয়ে ঈদ উদযাপন শেষে অনেকে এখন গ্রামে যাচ্ছেন আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে। ভিড় ও ভোগান্তি এড়াতেই তারা ঈদের পর ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

Link copied!