এপ্রিল ৪, ২০২৬, ০২:২০ পিএম
ছবি: সংগৃহীত
দেশের জ্বালানি সরবরাহ সচল রাখতে মালয়েশিয়া থেকে আনা ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের জাহাজটি শনিবার সকালে বহির্নোঙরে অবস্থান নেয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজটি শুক্রবার রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছায়। এর আগে ২৯ মার্চ মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করে জাহাজটি।
জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, জাহাজে থাকা ডিজেলের একটি অংশ বহির্নোঙরেই ছোট জাহাজে খালাস করতে হবে। এই প্রক্রিয়া শেষ করতে দুই দফা অপারেশন লাগবে। সবকিছু ঠিক থাকলে রোববার জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে।
এর আগে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে বন্দরে খালাস কার্যক্রম শুরু করেছে। একই এজেন্টের মাধ্যমে পরিচালিত এই জাহাজটি রোববার বন্দর ত্যাগ করবে বলে জানা গেছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান পরিস্থিতিতে জ্বালানি তেলবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে জেটিতে ভিড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।
অন্যদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো দশম ডিজেলবাহী জাহাজ। জ্বালানি সরবরাহে ঘাটতি এড়াতে বিকল্প উৎস থেকে আমদানিও বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, পাইপলাইন সরবরাহের পাশাপাশি সমুদ্রপথে আমদানি বাড়ানোয় বাজারে জ্বালানির চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।