ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সচল পোশাক কারখানাগুলোর মধ্যে ৯৪ দশমিক ৭০ শতাংশ কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস পুরোপুরি পরিশোধ করা হয়েছে।
আজ (সোমবার) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক অফিসিয়াল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
সংগঠনটির তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের মোট ২ হাজার ১৩৩টি সচল পোশাক কারখানার মধ্যে ২ হাজার ২১টি কারখানা ইতোমধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেছে।
বিজিএমইএর পরিসংখ্যান বলছে, দুই অঞ্চলের সচল কারখানার মধ্যে ঢাকায় রয়েছে ১ হাজার ৭৯৪টি এবং চট্টগ্রামে ৩৪০টি। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭০৯টি এবং চট্টগ্রামের ৩১২টি কারখানা বোনাস পরিশোধ সম্পন্ন করেছে।
এছাড়া এপ্রিল মাসের নিয়মিত বেতন পরিশোধ করেছে ২ হাজার ১১৭টি কারখানা, যা মোট কারখানার ৯৯ দশমিক ২০ শতাংশ। এপ্রিল মাসের বেতন দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ঢাকার ১ হাজার ৭৮৩টি এবং চট্টগ্রামের ৩৩৪টি কারখানা রয়েছে।
অন্যদিকে, মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ৭৬৭টি পোশাক কারখানা, যা মোট কারখানার ৩৫ দশমিক ৯৪ শতাংশ।
কোরবানির ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের ঢাকা ত্যাগের জন্য ধাপে ধাপে ছুটির সময়সূচিও প্রকাশ করেছে বিজিএমইএ। ঈদযাত্রায় সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ কমাতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিজিএমইএর নির্ধারিত সূচি অনুযায়ী, গত ২৪ মে ঢাকা ছেড়েছেন ১০৮টি পোশাক কারখানার কর্মীরা। ২৫ মে ৬৬৪টি এবং ২৬ মে ৭৭১টি পোশাক কারখানার শ্রমিকেরা পর্যায়ক্রমে ঢাকা ছাড়বেন। এছাড়া আগামী ২৭ মে শেষ ধাপে অবশিষ্ট ২৫১টি পোশাক কারখানার কর্মীদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।