ঈদ বোনাস দিয়েছে ৯৮ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৭, ২০২৬, ০৪:৫৪ পিএম

ঈদ বোনাস দিয়েছে ৯৮ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

ছবি: সংগৃহীত

ঢাকা ও চট্টগ্রামের পোশাক খাতে চালু থাকা ২ হাজার ১২৭টি কারখানার মধ্যে ২ হাজার ৮০টি কারখানা শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেছে।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে মোট ২ হাজার ১২৭টি কারখানা চালু রয়েছে। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৮৫টি এবং চট্টগ্রামে ৩৪২টি কারখানা রয়েছে।

ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১০৪টি কারখানা, যা মোটের ৯৮ দশমিক ৯২ শতাংশ। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭৬৭টি এবং চট্টগ্রামের ৩৩৭টি কারখানা অন্তর্ভুক্ত।

এদিকে ঈদ বোনাস পরিশোধ করেছে মোট ২ হাজার ৮০টি কারখানা, যা শতকরা ৯৭ দশমিক ৭৯ শতাংশ। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭৫৩টি এবং চট্টগ্রামের ৩২৭টি কারখানা রয়েছে।

এ ছাড়া মার্চ মাসের অগ্রিম বেতন পরিশোধের পরিকল্পনা রয়েছে ৮৭০টি কারখানায়, যা মোটের ৪০ দশমিক ৯০ শতাংশ। এর মধ্যে ঢাকার ৮৪০টি এবং চট্টগ্রামের ৩০টি কারখানা রয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ।

Link copied!