ছবি: সংগৃহীত
দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের সরবরাহ সংকট মোকাবিলা এবং জনচাহিদা পূরণে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আগের ঘোষণায় তেল সরবরাহ ২৫ শতাংশ কমানোর কথা থাকলেও তা সংশোধন করে এখন ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যাতে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।
আজ বুধবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বিপিসি জ্বালানি তেল সরবরাহ বা গ্রহণ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা দিয়ে থাকে।
এর পরিপ্রেক্ষিতে দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রোল) সরবরাহে গড় বিক্রির তুলনায় ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ হ্রাস করে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।
বিপিসি আরও জানিয়েছে, হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে তাদের অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে।