ছবি: সংগৃহীত
অর্থনৈতিক শুমারি ২০১৩-এর তুলনায় ২০২৪ সালে দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালে দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি, যেখানে ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। এ হিসাবে গত এক দশকে দেশে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৩৮ লাখ ৮৪ হাজার ২২৭টি, যা শতাংশের হিসেবে ৪৯.৬৫।
এছাড়া, দেশের অর্থনৈতিক ইউনিটগুলোতে বর্তমানে মোট কর্মরত জনবল ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন, যা ২০১৩ সালে ছিল ২ কোটি ৪৫ লাখ ৮৫০ জন। অর্থাৎ এই সময়ে জনবল বৃদ্ধি পেয়েছে ২৫.০৩ শতাংশ।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গ্রাম ও শহর উভয় এলাকাতেই অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গ্রামাঞ্চলে এ হার প্রায় ৪৯ শতাংশ এবং শহরাঞ্চলে প্রায় ৫৮ শতাংশ। একইভাবে সেবা খাতে গ্রামে ৫১ শতাংশ এবং শহরে ৬০ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। তবে, এই প্রতিবেদনে কৃষি খাত অন্তর্ভুক্ত করা হয়নি।