জ্বালানি সংকট ও নিরাপত্তা ঝুঁকি: দেশজুড়ে পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২৬, ০১:৫৯ পিএম

জ্বালানি সংকট ও নিরাপত্তা ঝুঁকি: দেশজুড়ে পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা

ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি সরবরাহ ঘাটতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে যেকোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
 

রোববার রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশন জানায়, তেল সরবরাহ স্বাভাবিক না থাকায় প্রতিদিনের চাহিদা পূরণ করা যাচ্ছে না। ফলে বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে এবং গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই চাপ সামলাতে গিয়ে পাম্পে কর্মরতদের ওপর বাড়তি শারীরিক ও মানসিক চাপ পড়ছে। টানা দায়িত্ব পালনের কারণে তাদের কাজের পরিবেশও কঠিন হয়ে উঠেছে।
নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তাদের দাবি, জ্বালানি পরিবহন ও বিক্রয় ব্যবস্থায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না। বিশেষ করে ডিপো থেকে তেল পরিবহনের সময় ট্যাংকার লুটের ঝুঁকি তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

অ্যাসোসিয়েশন জানায়, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পাম্পগুলো তেল সরবরাহ অব্যাহত রাখলেও কিছু গ্রাহক একাধিকবার তেল নেওয়ার চেষ্টা করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
 

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি, যাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।

Link copied!