ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। টানা চার দফা মূল্যহ্রাসের ধারাবাহিকতায় এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে। ফলে বর্তমানে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ৭ হাজার ৩৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ১৩২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
এর আগে গত ১৪ মার্চও স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের ভরি কমেছিল ২ হাজার ৬৮৩ টাকা। এর আগে আরও দুদফা মূল্য কমানো হয়।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৩৫০ টাকা কমে ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।