প্রতিটি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিচ্ছে সরকার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ০১:২৭ পিএম

প্রতিটি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিচ্ছে সরকার

ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলা এবং জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় পাম্পভিত্তিক তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। অন্যদিকে জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন।

ট্যাগ অফিসারদের কাজ হবে জ্বালানি সরবরাহ, মজুত ও বিক্রির পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা এবং নির্ধারিত পদ্ধতিতে প্রতিদিনের প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে দ্রুত এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি খাতে অনিয়ম কমানো এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে।

 

Link copied!