বিশ্ববাজারে উত্তেজনার মধ্যেই দেশে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা ছয় দফা দাম বাড়ানোর পর ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। বুধবার থেকে কার্যকর হওয়া এ দাম শনিবারও অপরিবর্তিত রয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। গত শনিবারের পর সোমবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল।
ফলে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি বেড়ে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকায় দাঁড়ায়।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৩৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ দফা দাম বাড়ানো হয়েছে এবং ১৩ দফা কমানো হয়েছে।