বাংলাদেশের সঙ্গে চলমান ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঈদের পর ঢাকায় আসছে। আগামী ২৪ বা ২৫ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের নেতৃত্বে প্রতিনিধিদলটি বাংলাদেশ সফর করবে।
প্রতিনিধিদলের সফরের আগে সংস্থাটির আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো রোববার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে চলমান অর্থনৈতিক সহযোগিতা ও ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও বৈঠক করেন।
আইএমএফের সঙ্গে বাংলাদেশের ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় ২০২৩ সালে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় এই কর্মসূচির পরিমাণ বাড়িয়ে ৫৫০ কোটি ডলারে উন্নীত করা হয়।
এ পর্যন্ত পাঁচ দফায় আইএমএফ থেকে বাংলাদেশ প্রায় ৩৬৪ কোটি ডলার ঋণ সহায়তা পেয়েছে। তবে গত বছরের ডিসেম্বরে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় হওয়ার কথা থাকলেও তা এখনও পাওয়া যায়নি। আসন্ন সফরে এ বিষয়সহ ঋণ কর্মসূচির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।