ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫–২৬ অর্থবছরের জন্য ব্যক্তি শ্রেণির করদাতারা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
রোববার এনবিআরের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পূর্বঘোষণা অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে করদাতাদের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সময়সীমা আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনবিআর জানায়, চলতি বছরের আগস্ট থেকে নির্দিষ্ট কিছু শ্রেণির করদাতা ছাড়া অধিকাংশের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। করদাতাদের বাড়তি সময় দেওয়া হলে রিটার্ন দাখিলে আগ্রহ বাড়বে এবং রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড।
এনবিআরের তথ্যমতে, গত শনিবার পর্যন্ত দেশে ২৮ লাখের বেশি ব্যক্তি শ্রেণির করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন।