উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের জন্য মার্চ মাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা ৪১ পয়সা, যা গত মাসে ছিল ৯৫ টাকা ১২ পয়সা। ফলে লিটারপ্রতি দাম বেড়েছে ১৭ টাকা ২৯ পয়সা।
এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৬২৫৭ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৭৩৮৪ ডলার নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এর আগে ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটারপ্রতি জেট ফুয়েলের দাম ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি শূন্য দশমিক ৬২৪৬ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬২৫৭ মার্কিন ডলার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নির্ধারিত দাম রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে।