চলতি মাসের প্রথম ৯ দিনেই দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৩ লাখ ডলার রেমিট্যান্স প্রবাহিত হয়েছে।
আজ (রোববার ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চলতি মে মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১০২ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৮৬ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৩৬ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ১৯ দশমিক ৫০ শতাংশ বেশি।
এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। মার্চ মাসে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেকর্ড।
ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। ডিসেম্বরে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাইয়ে এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত।