ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম আগামী সোমবার (১১ মে) থেকে শুরু হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রাজধানীর আগারগাঁও এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
টিসিবির তথ্য অনুযায়ী, এবারের কর্মসূচিতে সারাদেশে ৭২০টি ট্রাকের মাধ্যমে শুক্রবার ছাড়া আগামী ২১ মে পর্যন্ত ১০ দিন ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে প্রায় ৪০০ জন সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে এসব পণ্য কিনতে পারবেন।
টিসিবি জানিয়েছে, এবারের ট্রাক সেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে মোট ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। এতে যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন এবং এর জন্য টিসিবির স্মার্ট কার্ডের প্রয়োজন হবে না।
ভোক্তাপ্রতি সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল লিটারপ্রতি ১৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা এবং মসুর ডাল ২ কেজি কেজিপ্রতি ৭০ টাকায় বিক্রি করা হবে।
এছাড়া টিসিবির প্রায় ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছে ঈদ উপলক্ষে মে মাসে মোট প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীদের জন্য মাসিক ভর্তুকিমূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও দাম অপরিবর্তিত থাকবে।