ঈদে নতুন নোট নিয়ে যে সিদ্ধান্ত দিলো বাংলাদেশ ব্যাংক

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ০১:২২ পিএম

ঈদে নতুন নোট নিয়ে যে সিদ্ধান্ত দিলো বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

প্রতিবছর ঈদকে সামনে রেখে নতুন কাগজের নোট বিতরণ করা বাংলাদেশ ব্যাংকের একটি প্রচলিত উদ্যোগ। কিন্তু এবার সেই ধারায় পরিবর্তন আনছে কেন্দ্রীয় ব্যাংক। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজারে নতুন নোট সরবরাহ করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৮ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এ বছর ঈদ উপলক্ষে গ্রাহকদের মধ্যে নতুন নোট বিতরণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সাধারণত ঈদের আগে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে নতুন নোট বিতরণ করা হয়, যা অনেকেই পরিবার-পরিজন বা শিশুদের ঈদ সালামি হিসেবে ব্যবহার করেন।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, দেশে কার্ডভিত্তিক লেনদেন দ্রুত বাড়ছে। ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে লেনদেন গত পাঁচ বছরে প্রায় ১৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের জানুয়ারিতে যেখানে কার্ডে লেনদেনের পরিমাণ ছিল ২০ হাজার ৬২৫ কোটি টাকা, সেখানে ২০২৫ সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৪ কোটি টাকায়।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশে ৬১টি ব্যাংক এবং একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) কার্ড সেবা প্রদান করছে। এর মধ্যে ৫৫টি ব্যাংক ডেবিট কার্ড সেবা দিচ্ছে।

কার্ডের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২১ সালের জানুয়ারিতে দেশে ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের মোট সংখ্যা ছিল ২ কোটি ৪০ লাখের কিছু বেশি। ২০২৫ সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ১৮ লাখে, যা প্রায় ১১৫ শতাংশ বৃদ্ধি। এছাড়া ২০২০ সালের আগস্টে সব ধরনের কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ২২ লাখ, যা ২০২৫ সালের জুলাইয়ে বেড়ে ৫ কোটি ৬৯ লাখে পৌঁছায়।

গত বছরের ডিসেম্বর মাসে ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকেরা মোট ৩ হাজার ৯৩০ কোটি টাকা ব্যয় করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে, যার পরিমাণ প্রায় ১ হাজার ৭৪০ কোটি টাকা।

অন্যদিকে, দেশের ভেতরে বসবাসরত বিদেশি নাগরিকদের ব্যয়ের হিসাবেও যুক্তরাষ্ট্রের নাগরিকরা শীর্ষে রয়েছেন। গত জুলাইয়ে বিদেশিদের মোট ব্যয়ের এক-চতুর্থাংশেরও বেশি করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। এর পর রয়েছে যুক্তরাজ্য, ভারত, মোজাম্বিক, অস্ট্রেলিয়া, কানাডা ও সৌদি আরবের নাগরিকরা।

Link copied!