আইসিসির মাতৃত্বকালীন নীতির প্রশংসায় দীপিকা

শোবিজ ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০১:৪১ পিএম

আইসিসির মাতৃত্বকালীন নীতির প্রশংসায় দীপিকা

ছবি: সংগৃহীত

নারী ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন মাতৃত্বকালীন নির্দেশিকার ভূয়সী প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই উদ্যোগকে তিনি খেলাধুলার জগতে নারীদের জন্য একটি ‘যুগান্তকারী ও ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন।

বর্তমানে দীপিকা ও রণবীর সিং তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। মা হতে যাওয়া এই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে আইসিসির নতুন নীতিমালার একটি সংবাদ শেয়ার করে এর গুরুত্ব তুলে ধরেন। ২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আইসিসি মূলত সন্তান জন্মদানের পর নারী ক্রিকেটারদের খেলায় ফেরার প্রক্রিয়া সহজ করতেই এই আনুষ্ঠানিক নিয়ম চালু করেছে।

আইসিসি জানিয়েছে, সন্তান জন্মের পর একজন নারী ক্রিকেটার যেন সহজভাবে আবার মাঠে ফিরতে পারেন, সে লক্ষ্যেই এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

নতুন নির্দেশিকার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে—চিকিৎসা ও মানসিক সেবা, ব্যক্তিগত পুনর্বাসন পরিকল্পনা, শিশু পরিচর্যা ও যাতায়াত সহায়তা, এবং চুক্তির নিশ্চয়তা। ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—কোনো নারী ক্রীড়াবিদকে যেন মা হওয়া এবং ক্যারিয়ারের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে বাধ্য না হতে হয়।

কাজের পরিবেশকে নারীবান্ধব ও সুস্থ রাখার বিষয়ে দীপিকা পাড়ুকোন দীর্ঘদিন ধরেই সোচ্চার। এর আগেও তিনি বিভিন্ন পেশায় নারীদের মানসিক স্বাস্থ্য, নির্দিষ্ট কর্মঘণ্টা এবং পারিবারিক সহায়তার মতো বিষয়গুলো নিয়ে কথা বলেছেন।

এবার খেলাধুলার ক্ষেত্রেও নারীদের অধিকার নিশ্চিত হওয়ায় তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আইসিসি মেডিকেল অ্যাডভাইজরি কমিটির তৈরি করা এই কাঠামোটি ক্রিকেট ইতিহাসে প্রথম এমন ধরনের উদ্যোগ। এটি মোট ছয়টি ধাপে বাস্তবায়িত হবে, যার মাধ্যমে একজন খেলোয়াড় ধীরে ধীরে সুস্থ হয়ে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন। আইসিসির লক্ষ্য, মাঠের ভেতরে ও বাইরে নারী খেলোয়াড়দের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

সূত্র : গালফ নিউজ

Link copied!