ছবি: সংগৃহীত
ইংরেজি ভাষার দক্ষতার পরীক্ষা আইইএলটিএস-এ অংশ নেওয়া হাজার হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেওয়ার ঘটনায় যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা (অফকোয়াল) কেমব্রিজ ইংলিশকে ৮ লক্ষ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ২০০ টাকা।
অফকোয়াল জানিয়েছে, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষায় কম্পিউটার-স্বয়ংক্রিয় মূল্যায়ন ত্রুটির কারণে ৬২,৭৯৪ জন পরীক্ষার্থী ভুল ফলাফল পেয়েছেন।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ওই সময় বিশ্বব্যাপী ৭.৭ মিলিয়নেরও বেশি পরীক্ষা অনুষ্ঠিত হলেও ত্রুটিগুলো সেপ্টেম্বর মাস পর্যন্ত নজরে আসেনি।
কেমব্রিজ ইংলিশ এই নিয়ম লঙ্ঘনের কথা স্বীকার করে জানিয়েছে, ভুল সংশোধন, অংশগ্রহণকারীদের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বিভিন্ন পদক্ষেপে তারা ৬ মিলিয়ন পাউন্ডেরও বেশি বিনিয়োগ করেছে।
প্রভাবিত শিক্ষার্থীদের অধিকাংশই আন্তর্জাতিক পরীক্ষার্থী ছিলেন, যারা ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে এই ভুল ফলাফল পেয়েছেন।
আইইএলটিএস যৌথভাবে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি আইইএলটিএস এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের মালিকানাধীন। ত্রুটিগুলো নজরে আসার সঙ্গে সঙ্গেই তারা অফকোয়ালকে বিষয়টি জানায়।
অফকোয়াল আরও জানায়, কম্পিউটার-নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় খাতা মূল্যায়ন বা অটোমেটেড মার্কিং পদ্ধতির যান্ত্রিক ত্রুটির কারণে হাজার হাজার পরীক্ষার্থীর ফলাফল ভুল হয়েছে।
২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে মূল্যায়ন ব্যবস্থায় এই ত্রুটি ছিল বলে জানা যায়। ওই দুই বছরে বিশ্বজুড়ে প্রায় ৭৭ লাখ পরীক্ষার্থী আইইএলটিএস পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে ৯৩ হাজার ৮৬৫টি উত্তর ভুলভাবে মূল্যায়িত হয়। এর ফলে ৬২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভুল নম্বর পেয়েছিলেন।
পরবর্তীতে ফলাফল সংশোধন করা হয়। সংশোধিত ফলাফলে ২০ হাজার ৬০০ জনেরও বেশি পরীক্ষার্থীর ব্যান্ড স্কোর বৃদ্ধি পায়। অন্যদিকে, ভুলক্রমে ১ হাজার ১১৫ জনের স্কোর প্রকৃত নম্বরের চেয়ে বেশি আসায় তা সংশোধন করে কমিয়ে আনা হয়।
আক্রান্ত পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ১০৮ জন যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ‘সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট’ দিয়েছিলেন। এর মধ্যে চারটি ক্ষেত্রে ভুল ফলাফলের কারণে ভিসার যোগ্যতা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। তবে পরবর্তীতে তারা পুনরায় পরীক্ষা দিয়ে প্রয়োজনীয় স্কোর অর্জন করেন।
দীর্ঘদিন এই ত্রুটি কেমব্রিজ ইংলিশের অভ্যন্তরীণ মনিটরিং ব্যবস্থাতেও ধরা পড়েনি। ২০২৫ সালের সেপ্টেম্বরে সিস্টেম আপডেটের সময় প্রথম বিষয়টি শনাক্ত হয় এবং এরপর তাৎক্ষণিকভাবে অফকোয়ালকে জানানো হয়।
সূত্র: বিবিসি