এসএসসির প্রশ্নফাঁসের সংবাদ ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৬, ১১:৫৬ এএম

এসএসসির প্রশ্নফাঁসের সংবাদ ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস সংক্রান্ত যে খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

আজ রোববার জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬ সালের বাংলা প্রথম পত্রের (১০১) সব বোর্ডের প্রশ্নফাঁস হয়েছে মর্মে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এতে আরও উল্লেখ করা হয়, ‘এরইমধ্যে মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলা প্রথম পত্র ও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্নফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।’

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দফতরের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নয়।

এছাড়া জনগণকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, জনগণকে এ ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার ও কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দেয়া হচ্ছে। প্রশ্নফাঁস সংক্রান্ত এ ধরনের অপপ্রচার নজরে এলে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ করা হলো।

Link copied!