ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০২:০৬ পিএম
ছবি: সংগৃহীত
যৌন হয়রানির অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে অনুষ্ঠিত ১১৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেন এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম। সিন্ডিকেট সভায় আরও সিদ্ধান্ত হয়, ড. শাকিবুল ইসলাম ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর (মেয়ে) সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সংশ্লিষ্ট অভিযোগগুলো তদন্ত করে গঠিত কমিটি শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে প্রশাসনিক ট্রাইব্যুনালে বিষয়টি ন্যস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত দুই শিক্ষক সাময়িক বরখাস্ত থাকবেন।
এ বিষয়ে উপাচার্য ড. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ বা অভিযোগকে প্রশ্রয় দেওয়া হবে না। শিক্ষার পরিবেশ সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
রেজিস্ট্রার ও সিন্ডিকেট সদস্য সচিব ড. মো. হারুন অর রশীদ জানান, প্রশাসনিক ট্রাইব্যুনাল শাস্তির ধরন নির্ধারণ করবে। প্রক্রিয়াটি আইন ও বিধি অনুযায়ী সম্পন্ন করা হবে।
এর আগে গত ২ নভেম্বর দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। একইভাবে ৩০ অক্টোবর ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী ৩১ পৃষ্ঠার হাতে লেখা অভিযোগপত্রে মো. শামীম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির বিস্তারিত বিবরণ দেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তদন্ত ও পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো।