লঘুচাপের প্রভাবে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে শিলাবৃষ্টি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ০১:৪৯ পিএম

লঘুচাপের প্রভাবে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে শিলাবৃষ্টি

দেশের বিভিন্ন অঞ্চলে গত দুই দিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে, তা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে অন্তত পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

শনিবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির ঘটনাও ঘটতে পারে। একই সঙ্গে এই সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী চার দিন অর্থাৎ রোববার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে রোববার ও সোমবার তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে, তবে মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে লঘুচাপের একটি বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে।

গতকাল দেশের সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এছাড়া শ্রীমঙ্গলে ৪১ মিলিমিটার এবং ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্ক বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

Link copied!