পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঈদের পরদিনও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার দুপুরে দেওয়া পূর্বাভাসে জানানো হয়, রাজধানীসহ রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঈদের দিন সকাল থেকেই বজ্রসহ বৃষ্টির দেখা মিলতে পারে। টানা বৃষ্টি না হলেও সাম্প্রতিক দিনের তুলনায় এদিন বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
এর আগেই ঈদের আগের দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে, যা ঘরমুখো মানুষের যাত্রায় কিছুটা ভোগান্তি তৈরি করলেও গরমের তীব্রতা কমিয়েছে।
আবহাওয়া অফিস বলছে, প্রাক-বর্ষা মৌসুমের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে এবং এর সঙ্গে কালবৈশাখীর প্রভাবও থাকতে পারে। ফলে কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঈদের পরদিনও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে। তবে আগামী ২৩ তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে দেশের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।