দেশে হাম রোগের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৫৬ জনে পৌঁছেছে।
আজ (শনিবার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হাম রোগে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের মধ্যে। এ সময় সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৭৬৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম এবং হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।
এদিকে একই সময়ে দেশে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১০ হাজার ২৪৮ জনে পৌঁছেছে। আর সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৮৯৯ জনে।