দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫২৪ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে অথবা হামের উপসর্গ দেখা গেছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে উপসর্গ নিয়ে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।
এর আগে বুধবার (৪ মে) হাম ও হামের উপসর্গে দেশে ১৭ শিশুর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ২৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ২৩৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ২০৮ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩১ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ হাজার ২৩৮ জন।