১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ১২:৫৮ পিএম

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল | ছবি: সংগৃহীত

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

অধিবেশনে এ সময় সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। মঙ্গলবারের প্রশ্ন-উত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়।

মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সেবার ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ২২ জানুয়ারি ২০২৬ তারিখে ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন (এমবিবিএস) ও ২৭৯ জন ডেন্টাল সার্জন এবং ৪৪তম বিসিএসের মাধ্যমে ১৮ জন সহকারী সার্জন (এমবিবিএস) ও ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ২৭তম বিসিএসের মাধ্যমে ১৬২ জন সহকারী সার্জন (এমবিবিএস ডাক্তার) নিয়োগ দেওয়া হয়।

এছাড়া তিনি বলেন, বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর মোট পদ সংখ্যা ১৯৬টি। এর মধ্যে কর্মরত আছেন ১৩৮ জন এবং শূন্য পদ রয়েছে ৫৮টি।

চিকিৎসকদের ক্ষেত্রে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত মোট ৩১টি পদের বিপরীতে কর্মরত আছেন ২১ জন এবং ১০টি পদ শূন্য রয়েছে। নার্সদের ক্ষেত্রে মোট ৩৬টি পদের মধ্যে ৩৫টি পূরণ হয়েছে এবং একটি পদ শূন্য রয়েছে।

এছাড়া ১১তম থেকে ১৬তম গ্রেডভুক্ত কর্মচারীদের মোট ১০২টি পদের মধ্যে ৬৭টি পূরণ হয়েছে এবং ৩৫টি পদ শূন্য রয়েছে। ১৭তম থেকে ২০তম গ্রেডে মোট ২৭টি পদের বিপরীতে ১৫টি পদ পূরণ হয়েছে এবং ১২টি পদ শূন্য রয়েছে।

উল্লেখ্য, এসব শূন্য পদ পূরণের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে এবং ধারাবাহিকভাবে নিয়োগ ও পদায়নের মাধ্যমে পর্যায়ক্রমে সব শূন্য পদ পূরণ করা হবে।

Link copied!