কুয়েত ও বাহরাইনে বিস্ফোরণের শব্দ, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৬, ২০২৬, ১২:৪৮ পিএম

কুয়েত ও বাহরাইনে বিস্ফোরণের শব্দ, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার ভোরে কুয়েত ও বাহরাইনের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় তারা প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ বা কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে বাহরাইনের রাজধানী মানামাতেও ভোররাতে সতর্কতা জারি করা হয়। সেখানে অবস্থানরত সংবাদদাতারা জানান, বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠার পাশাপাশি বিস্ফোরণ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার শব্দ শোনা গেছে।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রভাব প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Link copied!