মার্চ ৩১, ২০২৬, ১২:১৫ পিএম
দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
এর আগে তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অসদাচরণের অভিযোগ তুলে তদন্তের আবেদন করেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও সুপারিশ চান তিনি।
অভিযোগে বলা হয়, বিচারপতি রেজাউল হাসান ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলায় পক্ষপাতমূলক আচরণ করেছেন। এক মামলায় সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আইনজীবী উপস্থিত না থাকলেও তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগ বাতিল করে। অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা ন্যায়বিচারের পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ দায়েরের পর বিষয়টি বিচার বিভাগে আলোচনার জন্ম দেয়। এর মধ্যেই বিচারপতির পদত্যাগের ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে।